Showing posts with label Runa. Show all posts
Showing posts with label Runa. Show all posts

Friday, March 5, 2010

Hoyto Dag Kimba Joler Golpo

হয়ত দাগ কিংবা জলের গল্প

ঘুমদেয়ালী আবেশ উঠছে অবান্তরে। দেয়ালের ওইপাশে ছড়ানো ছেটানো খেলনাবাটি; মাটির পুতুল। ইচ্ছেমতন খেলছে কেমন উল্টে পাল্টে দুলছে এমন; ভেতরজলে মুখ দেখেনি। কেউ তো জানল না, জলের ভেতরও আবহমানের নিত্যতা।

থাক না নীরতত্ত্ব। নীড়ভাঙা ঘরে জাহাজডুবির গল্প তো নেই। অল্প হলেও গল্পগড়ানো চরকাবুড়ি পাখি নামাচ্ছে স্মৃতিজানলায়। গরাদের গায়ে পুরোনো জ্যোৎস্নার দাগ। দাগের ভেতর নিবিড় কিছু স্রোত।

অন্তরমহল হাতড়ে মুখ খুঁজে দেখি। কিছু স্রোত এখনও অবাঙ্মুখী। আমি তো ডুবুরি নই; অনিশ্চিত শ্যাওলার গা ঘেঁষে তুলে নেবো নির্বিকল্প ঝিনুক। আসলে নিশ্চিতও নই, খোলভাঙা শুক্তির গর্ভে কতখানি ঢেউ আর কতখানি দাগ।

Ajj Tobe Ronger Kotha Hok

আজ তবে রঙের কথা হোক

জলছল প্রাণ; প্রাণিত ভোর। একটু ছলাৎছলে আকাশী রোদ্দুর। এই রঙ এই বসন্ ; মৃদু ধ্বনি ত্ যতটা অসংকোচে। বর্গের প্রথম ফাগুন লাগে যদি লাগুক না গায়।

আহ্! রঙ থেকে কেন যে ক্লোরোফিলে এলে; কথা ছিল গৈরিকে বুনে দেবো শ্যাওলার স্তর। মহীরুহ হতে পারে অসময়ের কন্ঠলগ্না হয়ে; শেকড়ের টান যতটা সংগোপন।

পেছনে তাকালে ওই কংক্রিট ক্যানভাস; গোপন থাকে না আর ফাটলের আঁকিবুঁকি। ইস্পাতের স্ল্যাগাচ্ছন্ন বীর্য মুখ দেখে নেয় বিষাদসিক্ত গর্ভাঙ্কের জলজ আয়নায়।

পারদের আড়ালে আকাশমুখী ভ্রূণ পেরিয়ে যাচ্ছে লক্ষ্মণের গণ্ডি। আসলে সীতা বা সুমিত্রায় হলযোগ্যতা প্রমাণ হলেও শিমুল ছিল কিনা আজও কেউ খুঁড়ে দেখলো না।

Wednesday, March 3, 2010

Fagun Legechhe

ফাগুন লেগেছে বনে......

সে এক গল্পকথা। আমলকি আর স্বর্ণচাঁপায় আবিরীয় চাঁদ; তেহাই নামাচ্ছে মধুমাসের ফাঁসে। নিষ্পত্র গোলকচাঁপাও তুঁহু তুঁহু। দর্শনের দ্বন্দ্ব থাক বা না থাক; আমিও ছিলাম ওইখানে।

সবপেয়েছির দেশে আঙুললালন পদ্ধতি। ছাতিমি রাতও মাতাল হচ্ছে পায়ে পায়ে। নিত্য বোধের নৈমিত্তিক অবোধগুলো রইল না আর নিরপেক্ষ। শাল সেগুনের নোঙরছেঁড়া শব্দবৃত্তে মাতব কি মাতব না ভাবতে ভাবতেই আ...আ...আ...ন...ন্দধা...রা...

উথলে গেল কণিকায়। দলছুট পাখির ডানায় জমাট যন্ত্রণা উড়িয়ে এককেরা মুখ দেখে নেয় রোমান্টিক বেদনলহরে। অকারণের অস্থির ঢাল বেয়ে দূরে কোথায়; দূরে দূরে কণিকাকে সুদূর করা হয় না আর।