Showing posts with label Mmandal. Show all posts
Showing posts with label Mmandal. Show all posts

Friday, March 5, 2010

Pajhor Shiri

পাঁজর সিঁড়ি

সহসাই দেহ অভ্যন্তরে কী এক ভীষণ বিজলিপ্রভার আমন্ত্রণে
আজ তোমার গভীরে নেমেছি – হাওয়াও পাতা, খড়কুটোগুলো
শূন্যে উড়াতে উড়াতে নিয়ে যাচ্ছে;
বুকফাটা চাপাহাহাকার ছড়িয়ে পড়ছে চতুর্দিকে, বুনোপাড়ার
ঢোলের শব্দ আজ বুকের ভিতর উসকে দিচ্ছে হাওয়া, খুব
দূরত্ব তাই নিকট মনে হচ্ছে;
পালক উড়ছে হরেকরকম বেলুন উড়ছে, পাশ ফিরছে তোমার
আমার গ্রীবার সন্ধ্যাতারা, লুট হচ্ছে পাঁজর সিঁড়ির ধাপের উঠা নামা।

Wednesday, March 3, 2010

Duburi O Doiyel

ডুবুরি ও দোয়েল

রোদের ভিতর দাঁড়াও, অনুভবের নদে ডুবুরি নামিয়ে
তুলে আনো তৃষ্ণার হাড় – উড়ে যাওয়া দ্বিধা ফিরে
এসে বসুক সাহসের মাস্তুলে।

সবুজ বিয়োগে ছিন্ন হওয়া আঙুলগুলি
ফিরে পাক দাঁড়ের প্রভাত।

আত্মহত্যার চিরকুটে স্মৃতির ছায়াপথ ভাসে।

বৈঠামগ্ন বালকেরা পাড়ভাঙা শব্দের তোড়ে ভাসিয়ে
দেয় প্রেমিকার প্রসন্ন নেকলেস,
তপ্তরোদ্দুরে দাঁড়ালে - অনুভবে ফোটে ডুবুরি ও দোয়েল।