Wednesday, March 3, 2010

Agamee Falguner Sombhobonagulo

আগামী ফাল্গুনের সম্ভবনাগুলো

অঘ্রাণী জ্যোৎস্নার জিভে আমি কোনো রোহিণী দেখিনি
কথা ছিল ঠোঁট এঁকে দেবে আগামী ফাল্গুনে
হর্ষিত নাভি থেকে ঝরে যাবে
কুমকুম ও কোয়েল
গাঢ় হবে হর্ষচরিত
কথা ছিল
মনে পড়ে?

নদীজলে গড়া আধখানা বাসায় আমি কোনো প্রত্যয় দেখিনি
বিষণ্ণ ঘুমের পাঁজরে ঝিমঝিম কথা ছিল
ঘুমঘোর থেকে লাটিমের ঘুর ঘুর উড়ে যাবে
সুরমা ও সৈকত
ঘুমের ঊরুতে ঝিঁ ঝিঁও নামাবে রাত
কথা ছিল
মনে পড়ে?

মণিবন্ধে জমে ওঠা অভিমানী রেণুতে আমি কোনো পরাগ দেখিনি
কথা ছিল রোয়ানো রোদ্দুর থেকে জ্বেলে দেবে রোশনাই
রমিতার স্তনভারে উড়ে যাবে
রজঃ ও শিমুল
অঘ্রাণী নদীজলে সফল সঙ্গমে বেঁধে দেবে মণিবন্ধ
কথা ছিল
মনে পড়ে?

Nibisto Protijogi

নিবিষ্ট প্রতিযোগী

সামনে ছড়িয়ে দিগন্ত প্রসারী মাঠ
মাথার উপরে অনন্ত নীলাকাশ
পিছনে পড়ে স্বপ্নজড়ানো অতীত,
তবু, গুমোট হাওয়ায় সকলের ভারী নিঃশ্বাস...

বৃষ্টিকণায় সিক্ত নিমগ্ন প্রেম
হাতছানি দেওয়া ভরপুর আশ্বাস
বুকে ভালবাসার স্বপ্ন-বাসা,
তবু, সম্পর্কের কঠিন আবরণের নীচে নগ্নতার ত্রাস...

যে কোন পথে এগিয়ে চলায় লক্ষ্য
গ্ল্যামারের মোহে উত্তাল বাতাস
আখের গুছানোর আপ্রাণ প্রচেষ্টা,
আজ আমারও নিবিষ্ট হাতে প্রতিযোগিতার ক্যানভাস!