Showing posts with label Osechonok. Show all posts
Showing posts with label Osechonok. Show all posts

Friday, March 5, 2010

Modhyo Bhogobaan

মধ্য ভগবান

আমার এ্যান্টাসিডের শিশি
দাঁতে সকালবেলার মিশি
বৌয়ের বাসি মুখের কিসি
নিয়ে মধ্যবিত্ত আমি।

হাতের বাবরি আমল ছাতায়,
বাবুর চিত্রগুপ্ত খাতায়,
ভুঁড়ি ইন্দ্রলুপ্ত মাথায়,
নিয়ে নিটোল গৃহস্বামী।

আবেগ নেয়না কোন ঝুঁকি
তোমায় ডিসকো প্রণাম ঠুকি,
তবু দেয়না কপাল উঁকি-
প্রভু, আধকপালী ছেড়ে!

মেশে রক্তে চিনির স্নেহ!
তবু পাঁঠা-মৃতই 'দেহ'
যতই বারুক মধুমেহ
ডোবা কব্জি তোলে কে রে?

বহর ছোট্ট লম্বদরো!
কাব্যে 'সখী আমায় ধরো'
ফিলিম মোগ্যাম্বো গব্বর-ও
আমার ডেইলি হাতিমতাই!

ঘরে বৌ-মায়ে কারগিল
আমি বিষণ্ণ চার্চিল
ইস্যু- তাল হয়ে যায় তিল
প্রভু, নষ্ট হয়ে যাই!

বাজার স্টোভ ফেটে আগুন
ফুরোয় পান্তা ফেরৎ নুন,
খবর চোর-ডাকাতি-খুন
আবার পি এন পি সি রোজ

পরেশ বাবুর বড় মেয়ে
নিচের ভোঁদার দিকে চেয়ে
বোধহয় মুচকি হেসেছে
তাতেই আমার মহা মৌজ।

পরের কথা গায়ে মাখি,
ফোড়ন , ফুট কাটাতে রাগি
আবার বিনিদ্র রাত জাগি
পাড়ায় কারুর বিপদ এলে!

আমার কোথায় আপন পর?
কবেই হারিয়ে গেছে ঘর।
ঘরের জায়গাতে বর্বর-
ইঁটের ছাত-দেয়ালই মেলে।

আমি বাসে ট্রামে চড়ি,
কনুই হিলের গুঁতোয় মরি
আজও স্বপ্নে দেখি পরী......
পাঁচির সঙ্গে খাটে শুয়ে!

তোমার বৈকুন্ঠের বাতি
আমার লোডশেডিং-এর সাথী
যতই হইনা আমি পাঁতি
ঝড়ে পড়ছি না তো নুয়ে!

তবু যা দিয়েছ তাই
দিয়ে তোমায় ডেকে যাই
চিনি, কদমা-বাতাসাই
তুমি নির্বিবাদে নাও।

যদি লক্ষ টাকা দিতে
তবে দিতাম বোধহয় ফ্রী-তে
রয়্যাল কমফোর্ট আর ঘি তে
ভাজা চপচপে পোলাও।

যারা হীরে মানিক ছড়ায়
তোমায় বুর্জোয়া পাঠ পড়ায়,
সোনা রূপোর মুকুট গড়ায়......
তাদের বাড়ুক তসিল-খান।

ধনে রাখো বা নাই রাখো,
মনে মধ্য কোরো না কো,
তুমি আমার মতই থাকো......
আমার মধ্য ভগবান!!!

Bechu Babu

বেচুবাবু

বেচুবাবু...
কয় কিসিমের স্বপ্ন আছে...,
তোমার কাছে?

আয়েশ করার নানান ফিকির
বিজ্ঞাপনের ইকির মিকির,
আসবাবে আর ফ্ল্যাট, গাড়িতে
জীবন বিমার দিক্দারিতে।
এ সব কিছুই যত্নে আছে...
তোমার কাছে।

কে শো-অফে চম্কে দেবে!
স্বস্তি জ্বলে মাইক্রো-ওয়েভে...
ফ্রিজ, শাড়িতে...ধনতেরাসে
মানুষ হারায়, পণ্য আসে।
হৃদয় নীরব। মুদ্রা বাজে
তোমার কাছে!

কস্মেটিকের সুন্দরী চাই
রঙ মেখে তাই মুখকে সাজাই
মুখোশ ঝোলে ছন্নছাড়া
মুখগুলো আজ সর্বহারা...
চাওয়ার বহর থামছে না যে
তোমার কাছে।

ইচ্ছেগুলোর চাওয়ার নেশায়
রে-ব্যানে ভাই চোখ ঢেকে যায়।
আর্চিস্-এ আর হলুদ খামে
প্রেমের আতিশয্য ঘামে।
যন্ত্রণা কি মরেই বাঁচে...
তোমার কাছে?

ক্রেডিট কার্ডে বাড়ছে দেনা
সুখ-কবুতর তা মানে না।
কম্পিটিশন খুড়োর কলে
''যা ছুটে যা''-রোজই বলে।
সব পেয়েছি'র দেশ কি আছে,
তোমার কাছে?

ট্যাঁকশালেতে বাজছে বারো
বলছ তবু-''আর ও...আর ও''
বিকল হল মনের ঘড়ি
শেষ কেনা কি কলসি-দড়ি...

শেষ কেনা কি কলসি-দড়ি?

শেষ কেনা কি..................!

বেচুবাবু...,
আর কতো দুঃস্বপ্ন আছে,

তোমার কাছে?

Wednesday, March 3, 2010

Duti Kobita

১) নার্সিসাস

কুসুম কুসুম লাল প্রান্ত ধরে চলে যায় ভুখা মিছিল
স্তম্ভিত আর সম্বিতে ফেরার মাঝে মোৎজার্ট.........
বাজছে কি?না নীরোর বেহালা?!
অগ্নিমান্দ্য ও অগ্নিকান্ড বাজার ফেরত হয়ে চলে আসে
মিয়োনো খবরের কাগজে!
রাস্তায় অগোছালো ভিখারির পরিপাটি মৃত্যু।
আর তুমি মাদমোয়াজেল.........
চোখে সানগ্লাস দিয়ে দেখছো বসন্তের জাগুয়ারপনা!
ডোরাকাটা সোনালি মসৃণ ঝলক-আশ্লেষে খুন ঝরে
হানা দেয় ঘরে হায়নায়!
আর তুমি নার্সিসাস,-সময়ের ভাঙ্গা আয়নায়!

২) জলসই

জলের সাথে আমার ছায়া বলছে আমার কথা
জল বোঝে না কোনটা কথা......কোনটা প্রগলভতা?
তাই জলেতেই ভাসিয়ে দিলাম আমার নীরবতা......
ছপছপিয়ে আতুর বিরাম আসলো এখন কাছে
ছলছলিয়ে কুড়িয়ে নিলো খাতার শেষের পাতা!
জল জানে না কোনটা কথা......কোনটা প্রগলভতা......!