Showing posts with label Mogno. Show all posts
Showing posts with label Mogno. Show all posts

Friday, March 5, 2010

Canvas

ক্যানভাস
..........................................
আঁকড়ে ধরেছি নিবিড় বর্ণমালা
স্বপ্নে বর্ণে আঁকা হয়ে আছে ঢেউ ঢেউ প্রতিমারা
আঁকড়ে ধরেছি মীড়-গমক-ঝালা
তার ছিঁড়ে গেছে- আঙুলে তবুও বেজে চলে একতারা

কিছুই শিখিনি- রাগ ও বেহাগ
কখনো শিখিনি প্রেম। দুর্বাঘাসের শংকিত পথে
তবু সে পায়ের দাগ
আনাড়ি চোখের কারসাজিতেই মেখেছে তরঙ্গতে

যতটুকু ছিল মায়া-মরিচিকা
কুয়াশায় ঢাকা তুমি। অলখে কখন বেজেছে নুপূর
বিদগ্ধ মরুভূমি- ঢেকেছে অগ্নিশিখা
কিছুই বুঝিনি তবু ভেঙে গেছে আলগোছে ঝুরঝুর

ছায়া প্রহরের বিস্মৃত অক্ষরে
অনিবার ক্রোধ, বিক্ষুব্ধ বোধ- প্যাষ্টেলে আঁকা ছবি
পুড়েছে দারুণ ঘোরে
পুড়েছে স্বপ্ন তবু নিমগ্ন নিদাঘে দগ্ধ কবি-

আঁকড়ে ধরেছি হিম ছায়া- উল্লাসে
আঁকড়ে ধরেছি জীবনের সব বিমূর্ত হা-হুতাশ
তুলির আচরে শব্দের প্রতিভাসে
গহীন দোলায় স্থির ফুটে আছে চিরচেনা ক্যানভাস